
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে হক ইলেকট্রনিকসের অর্থ আত্মসাতের মামলায় মো. আসিফ রানা (২৭) নামে প্রতিষ্ঠানটির এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) নগরের পাহাড়তলী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। আসিফ রানা পাহাড়তলী এলাকার বাসিন্দা। তিনি হক ইলেকট্রনিকসের সহযোগী প্রতিষ্ঠান ফারহানা ইলেকট্রনিকসে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় হক ইলেকট্রনিকসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. কামরুল ইসলাম বাদী হয়ে গত ২৯ আগস্ট পাহাড়তলী থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২২ জুন ফারহানা ইলেকট্রনিকসে সিনিয়র এক্সিকিউটিভ পদে যোগ দেন আসিফ রানা। প্রতিষ্ঠানটি নগদ ও কিস্তিতে টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য বিক্রি করে।
এজাহারে অভিযোগ করা হয়, ২০২৫ সালের ২৪ মার্চ থেকে ২০২৬ সালের ২০ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানের গ্রাহকদের কাছ থেকে কিস্তির টাকা সংগ্রহ করেন আসিফ রানা। পরে এসব টাকা কোম্পানির হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করেন তিনি। আত্মসাৎ করা টাকার পরিমাণ ১১ লাখ ৮৩ হাজার ৩৩২ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এজাহারে হাসান আল মাহমুদ, মো. বাবুল, ইয়াসিন আরাফাত, আব্দুল্লাহ আল মাহমুদ, হালিম উদ্দিন রায়হান, ফাহিমা তাহসিন রাদিয়া, মো. লিটন উদ্দিন, নাজিফুর রহমান, মো. রাতুল, শেখ রিয়াদ, সজিব হোসেন, মো. রাকুল, ফরহাদ চৌধুরী ও রিপনসহ কয়েকজন গ্রাহকের কাছ থেকে নেওয়া কিস্তির টাকার বিবরণ উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী হক ইলেকট্রনিকসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. কামরুল ইসলাম বলেন, ‘কোম্পানিতে কর্মরত অবস্থায় এক কর্মচারী টাকা আত্মসাৎ করেন। পরে কোম্পানির সিদ্ধান্ত অনুযায়ী আমি বাদী হয়ে মামলা দায়ের করি। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।’
মামলার তদন্ত কর্মকর্তা পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন বলেন, ‘কোম্পানির টাকা আত্মসাতের মামলায় এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসিফ রানার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’